চাকরিবিধি চূড়ান্ত করার জন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা। তারা জানিয়েছে, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।
‘ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ’ ব্যানারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ১২ সেপ্টেম্বর স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেন। এরপর, ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে, ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানো হবে।
এরপর পাঁচ মাস পার হলেও ‘রহস্যজনক কারণে’ সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।